কুমিল্লার আদর্শ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মো. কাউছার আলম (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ছত্রখিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাউছার আলম কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা ছিলেন। তাঁর বড় ভাই কবির হোসেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছত্রখিল এলাকায় একটি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে বৃহস্পতিবার সেখানে সালিশও হয়। শুক্রবার সকালে বিরোধপূর্ণ ওই জমিতে তৌহিদসহ অপর পক্ষের লোকজন একটি রেস্তোরাঁ নির্মাণের কাজ শুরু করেন।
এ সময় কাউছার ঘটনাস্থলে গিয়ে নির্মাণাধীন জায়গার মধ্যে তাঁদের জমির অংশ রয়েছে বলে দাবি করেন এবং কাজে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন কাউছারের মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।
এদিকে হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
তবে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।



