জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে ‘গরু ভোজ’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ আয়োজন করা হয়। ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে গরুর মাংসের পাশাপাশি ছাগলের মাংসও রান্না করা হয় বলে জানিয়েছেন আয়োজকেরা।
বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত খাবার বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ছয়টি বুথের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গরুর মাংস ও খিচুড়ি বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, কর্মসূচিতে অংশ নিতে অনলাইনে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী নিবন্ধন করেছেন। বাড়তি প্রস্তুতি হিসেবে মোট ১ হাজার ৫০০ প্যাকেট খাবার তৈরি রাখা হয়েছিল। খাবার বিতরণে ৫০ জনের বেশি স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।
তাঁরা আরও জানান, কর্মসূচির জন্য একটি গরু ও একটি ছাগল কেনা হয়। নিবন্ধিত শিক্ষার্থীদের মুঠোফোনে পাঠানো টোকেন নম্বরের ভিত্তিতে খাবার বিতরণ করা হয়েছে। শুধু নিবন্ধন সম্পন্ন করা শিক্ষার্থীদেরই খাবার দেওয়া হয়। আয়োজকদের দাবি, কর্মসূচি আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতিও নেওয়া হয়েছিল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা বলেন, ভবিষ্যতে কেউ যেন গরুর মাংস খাওয়া বন্ধ করার চেষ্টা না করে, সে বার্তা দিতেই তাঁদের এ আয়োজন। প্রশাসনের নির্দেশনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে গরুর পাশাপাশি ছাগলের মাংসেরও ব্যবস্থা রাখা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কর্মসূচির জন্য ১ লাখ ২৫ হাজার টাকা দিয়ে একটি গরু কেনা হয় বলে জানান আয়োজকেরা। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গরুটি নিয়ে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে বুধবার (১৪ অক্টোবর) ক্যাম্পাসে সব ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার বিষয়টি উল্লেখ করা হয়। নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়।
এ সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার রাতেই জকসুর উদ্যোগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় গরু ও খাসির মাংসের ব্যবস্থা এবং ক্যাম্পাসে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করার দাবি জানান জকসুর নেতারা।
এরপর শিক্ষার্থীদের উদ্যোগে ‘জবিয়ানদের গরু ভোজ’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে অংশ নিতে আগ্রহীদের জন্য ৭০ টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছিল।



