tanaka

এডিস মশা বাড়ছে কোথায়, জানাবে ঢাবির গবেষকদের উদ্ভাবিত ‘স্মার্ট ফাঁদ

ডেঙ্গুর বাহক এডিস মশার উপস্থিতি আগেভাগে শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ইন্টারনেট প্রযুক্তিনির্ভর একটি স্বয়ংক্রিয় ফাঁদ তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। ‘মাস্ট-ক্লাউডনেট’...
প্রচ্ছদআন্তর্জাতিকফিলিস্তিনিদের জমি দখল করে নৈতিক অবস্থান হারিয়েছে ইসরাইল: বারাক ওবামা

ফিলিস্তিনিদের জমি দখল করে নৈতিক অবস্থান হারিয়েছে ইসরাইল: বারাক ওবামা

সামরিক শক্তি প্রয়োগ করে কখনোই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর মতে, ফিলিস্তিনিদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ এবং তাদের ভূমি দখলের মাধ্যমে ইসরাইল নিজের নৈতিক অবস্থান দুর্বল করেছে।

সম্প্রতি উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণের অনুষ্ঠানে যোগ দেন ওবামা। সেখানে প্রখ্যাত সাংবাদিক সুসান ম্যাককের সঙ্গে এক আলোচনায় গাজা যুদ্ধের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ওবামা বলেন, গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির ঘটনা যেকোনো মানুষের হৃদয়কে ব্যথিত করবে। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ ও সংঘাতের ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইউরোপে ইহুদিদের ওপর ঐতিহাসিক নিপীড়নের বিষয়টি স্বীকার করে ওবামা বলেন, ফিলিস্তিনিরাও নিজেদের ভূমি হারানোসহ নানা অন্যায়ের শিকার হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ফিলিস্তিনিদের জমি দখল এবং সাধারণ মানুষের ওপর শক্তির অপব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। নিজেদের হারানো অধিকার ও ভূমি ফিরে পাওয়ার আকাঙ্ক্ষাকে তাই স্বাভাবিক বলেও উল্লেখ করেন তিনি।

ওবামা আরও বলেন, প্রযুক্তিগত উন্নতি কিংবা সামরিক শক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনই কোনো দেশের জন্য সবকিছু নয়। শক্তিশালী হওয়ার কারণে যা ইচ্ছা তা করার মনোভাব সাময়িক সুবিধা এনে দিতে পারে, কিন্তু দীর্ঘ মেয়াদে তা একটি দেশের নৈতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করে।

ইসরাইলের বর্তমান সরকারকে বাস্তবতা উপলব্ধি করার আহ্বান জানিয়ে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রায় ৭০ লাখ ফিলিস্তিনিকে এই ভূখণ্ড থেকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। নিজেরা যে পরিস্থিতি মেনে নিতে প্রস্তুত নয়, তা অন্যদের ওপর জোর করে চাপিয়ে দিয়েও শান্তি প্রতিষ্ঠা করা যাবে না।

ওবামার বক্তব্যে ফিলিস্তিনিদের অধিকার, ভূমির প্রশ্ন এবং সামরিক শক্তির পরিবর্তে আলোচনার মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উঠে এসেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি