ঢাকায় তাপমাত্রা আজ অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজধানী ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। এ সময় ঘণ্টায় ১২ কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বাতাসের গতি ঘণ্টায় ৬ থেকে ১২ কিমি হবে, যা উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২০.৩ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭০ শতাংশ।
অন্যদিকে দেশের উত্তরাঞ্চলে শীত জেঁকে বসেছে। পঞ্চগড়ে আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা প্রতিদিনই কমছে।



