tanaka
প্রচ্ছদরাজধানীপল্লবীতে ককটেল-পেট্রোল বোমা হামলা, দগ্ধসহ আহত ১

পল্লবীতে ককটেল-পেট্রোল বোমা হামলা, দগ্ধসহ আহত ১

রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে পরপর ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির এক কর্মচারী আহত হয়েছেন। বিস্ফোরণের পর তার শরীরে আগুন ধরে যায়।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-৬-এর পল্লবী থানাধীন সি ব্লকের ৪ নম্বর অ্যাভিনিউয়ের ১২ নম্বর বাড়িতে অবস্থিত এজে আর কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত কর্মচারীর নাম রমজান ওরফে বাপন (২১)। তিনি ওই কুরিয়ার সার্ভিসে শ্রমিক হিসেবে কর্মরত। বিস্ফোরণে আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রাথমিক তথ্যানুযায়ী, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা প্রথমে কুরিয়ার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। এর কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করে তারা পালিয়ে যায়। এ সময় অফিসে কর্মরত রমজানের শরীরে আগুন ধরে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কুরিয়ার সার্ভিসের সামনে প্রথমে একটি ককটেল বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পর পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেখানে কর্মরত এক কর্মচারীর শরীরে আগুন ধরে যায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যার পর এজে আর কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির একজন কর্মচারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।