tanaka
প্রচ্ছদজাতীয়২০২৭ সালে কোন দিন কী ছুটি, দেখে নিন সরকারি ছুটির পূর্ণাঙ্গ তালিকা

২০২৭ সালে কোন দিন কী ছুটি, দেখে নিন সরকারি ছুটির পূর্ণাঙ্গ তালিকা

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রকাশিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে নতুন করে যুক্ত করা হয়েছে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের’ সরকারি ছুটি।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে সরকারি ছুটি ১৫ দিনসহ মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে শুক্র ও শনিবার। ফলে সাপ্তাহিক ছুটি বাদ দিলে সরকারি কর্মচারীরা কার্যত ২২ দিন সরকারি ছুটি ভোগ করতে পারবেন।

ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগে দুই দিন ও পরে দুই দিনসহ মোট চার দিন এবং ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগে দুই দিন ও পরে তিন দিনসহ মোট পাঁচ দিন নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছে।

এর আগে গত ২ নভেম্বর সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।

সাধারণ ছুটি

২০২৭ সালের সাধারণ ছুটির তালিকা নিচে দেওয়া হলো—

  • ২১ ফেব্রুয়ারি: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  • ৫ মার্চ: জুমাতুল বিদা
  • ১০ মার্চ: ঈদুল ফিতর
  • ২৬ মার্চ: স্বাধীনতা ও জাতীয় দিবস
  • ১৩ এপ্রিল: চৈত্র সংক্রান্তি
  • ১ মে: মে দিবস
  • ১৭ মে: ঈদুল আজহা
  • ২০ মে: বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)
  • ৫ আগস্ট: জুলাই গণঅভ্যুত্থান দিবস
  • ১৫ আগস্ট: ঈদে মিলাদুন্নবী (সা.)
  • ২৫ আগস্ট: জন্মাষ্টমী
  • ১০ অক্টোবর: দুর্গাপূজা (বিজয়া দশমী)
  • ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
  • ১৬ ডিসেম্বর: বিজয় দিবস
  • ২৫ ডিসেম্বর: যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন)

নির্বাহী আদেশে সরকারি ছুটি

নির্বাহী আদেশে নির্ধারিত ছুটির দিনগুলো হলো—

  • ২৪ জানুয়ারি: শবেবরাত
  • ৭ মার্চ: শবেকদর
  • ৮ ও ৯ মার্চ এবং ১১ ও ১২ মার্চ: ঈদুল ফিতরের আগে দুই দিন ও পরে দুই দিন
  • ১৪ এপ্রিল: বাংলা নববর্ষ
  • ১৫ ও ১৬ মে: ঈদুল আজহার আগে দুই দিন
  • ১৮ থেকে ২০ মে: ঈদুল আজহার পরের তিন দিন
  • ১৬ জুন: পবিত্র আশুরা
  • ৯ অক্টোবর: দুর্গাপূজার মহানবমী

ঐচ্ছিক ছুটির তালিকা

সরকারি প্রজ্ঞাপনে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের কর্মচারীদের জন্য ধর্মীয় উৎসব ও বিশেষ দিন উপলক্ষে ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রাখা হয়েছে।

মুসলিম পর্ব

  • ৬ জানুয়ারি: শবে মেরাজ
  • ১৩ মার্চ: ঈদুল ফিতরের পরের তৃতীয় দিন
  • ২১ মে: ঈদুল আজহার পরের চতুর্থ দিন
  • ২৮ জুলাই: আখেরি চাহার শোম্বা
  • ১৩ সেপ্টেম্বর: ফাতেহা-ই-ইয়াজদাহম
  • ২৬ ডিসেম্বর: শবে মেরাজ

হিন্দু পর্ব

  • ১১ ফেব্রুয়ারি: সরস্বতী পূজা
  • ৬ মার্চ: শিবরাত্রি ব্রত
  • ২২ মার্চ: দোলযাত্রা
  • ৪ এপ্রিল: হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব
  • ৩০ সেপ্টেম্বর: মহালয়া
  • ৭ ও ৮ অক্টোবর: দুর্গাপূজা (সপ্তমী ও অষ্টমী)
  • ১৪ অক্টোবর: লক্ষ্মীপূজা
  • ২৮ অক্টোবর: শ্যামাপূজা

খ্রিস্টান পর্ব

  • ১ জানুয়ারি: ইংরেজি নববর্ষ
  • ১০ ফেব্রুয়ারি: ভস্ম বুধবার
  • ২৫ মার্চ: পুণ্য বৃহস্পতিবার
  • ২৬ মার্চ: পুণ্য শুক্রবার
  • ২৭ মার্চ: পুণ্য শনিবার
  • ২৮ মার্চ: ইস্টার সানডে
  • ২৪ ও ২৬ ডিসেম্বর: যিশু খ্রিষ্টের জন্মোৎসব উপলক্ষে বড়দিনের আগে ও পরের দিন

বৌদ্ধ পর্ব

  • ২০ ফেব্রুয়ারি: মাঘী পূর্ণিমা
  • ১৩ এপ্রিল: চৈত্র সংক্রান্তি (তিন পার্বত্য জেলা ছাড়া দেশের অন্যান্য স্থানে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য প্রযোজ্য)
  • ১৯ ও ২১ মে: বুদ্ধপূর্ণিমার আগের ও পরের দিন
  • ১৮ জুলাই: আষাঢ়ী পূর্ণিমা
  • ১৫ সেপ্টেম্বর: মধু পূর্ণিমা
  • ১৪ অক্টোবর: প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎসব

পার্বত্য চট্টগ্রাম এবং দেশের অন্যান্য অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত সরকারি কর্মচারীদের জন্য ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি এবং পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনুরূপ সামাজিক উৎসব উপলক্ষে ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে।

ঐচ্ছিক ছুটি নেওয়ার নিয়ম

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রত্যেক সরকারি কর্মচারী নিজ নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। তবে এ ছুটি নিতে হলে বছরের শুরুতেই উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে আগাম অনুমোদন নিতে হবে।

এ ছাড়া সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির সঙ্গে সমন্বয় করেও ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ থাকবে।

অন্যদিকে, যেসব প্রতিষ্ঠানের ছুটি ও কর্মসূচি নিজস্ব আইন-কানুনের মাধ্যমে পরিচালিত হয় অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানকে সরকার অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করেছে, সেসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জনস্বার্থ বিবেচনায় নিজস্ব আইন ও বিধি অনুযায়ী ছুটি ঘোষণা করবে।