দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬১ জন।
রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন মৃত্যুর মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন।
এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, নতুন রোগীসহ বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫১ হাজার ৮৩৭ জন।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৬১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় সার্বিকভাবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগ অব্যাহত রয়েছে।



