tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকহরমুজ নিয়ে ইরানের বৈঠকে যাচ্ছে না বাহরাইন

হরমুজ নিয়ে ইরানের বৈঠকে যাচ্ছে না বাহরাইন

হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্বাভাবিক করা নিয়ে ইরানের উদ্যোগে ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠেয় বৈঠকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বাহরাইন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে কোনো যৌথ আলোচনায় বসবে না তারা।

ইরানের উদ্যোগে আগামী সোমবার ওমানের রাজধানী মাসকাটে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস সরবরাহে এরই মধ্যে প্রভাব পড়ছে। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এই নৌপথের ভবিষ্যৎ নিয়ে আলোচনার উদ্যোগ নিয়েছে তেহরান।

তবে বৈঠকে অংশ না নেওয়ার কারণ হিসেবে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়টিকে সামনে এনেছে বাহরাইন। একই সঙ্গে দেশটি বলেছে, ‘তোষণ নীতি’ অনুসরণ করে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

বাহরাইনের অবস্থান হলো, কোনো দেশকে বৈষম্যের শিকার না করে এবং অতিরিক্ত ফি বা বিশেষ অনুমতির বাধ্যবাধকতা ছাড়াই হরমুজ প্রণালি সব দেশের জাহাজের জন্য উন্মুক্ত রাখা উচিত।

যুদ্ধ শুরুর আগে বিভিন্ন দেশের নৌযান এই জলপথ দিয়ে অবাধে চলাচল করলেও বর্তমানে ইরান প্রণালিটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং সেখানে ফি চালুর উদ্যোগ নিচ্ছে বলে বাহরাইনের দাবি।

অন্যদিকে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও সুসংহত করার লক্ষ্যেই বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালি নিয়ে ভবিষ্যৎ করণীয় নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ইরানের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠক থেকে তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার কোনো চুক্তি নাও আসতে পারে। তবে আলোচনাটি জলপথটি পুনরায় চালুর ক্ষেত্রে একটি সম্ভাব্য পথ তৈরি করতে পারে।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারেও উদ্বেগ তৈরি হয়েছে। এ অবস্থায় ইরানের আলোচনার উদ্যোগ এবং বাহরাইনের তা প্রত্যাখ্যান—দুই দেশই তাদের নিজ নিজ অবস্থান স্পষ্ট করেছে।

সূত্র: আল-জাজিরা।