ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দুই প্রার্থীসহ মোট ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম এ ঘোষণা দেন। যাচাই-বাছাইয়ে প্রার্থীদের মনোনয়নপত্রে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সঠিক থাকায় ছয়জনের প্রার্থিতাই বৈধ ঘোষণা করা হয়।
বৈধ প্রার্থীরা হলেন—বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াতে ইসলামীর ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
তবে বিএনপির দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হলেও দলীয়ভাবে শেষ পর্যন্ত কে প্রার্থী হবেন, তা প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমার মধ্যে নির্ধারিত হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



