অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে দেশে নৈরাজ্য ও সহিংসতার ঘটনা কমেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, আগের তুলনায় বর্তমানে সহিংসতার মাত্রা অনেকটাই কমে এসেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সরকারের অগ্রগতি, কার্যক্রম ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর পুলিশ বাহিনী যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, সেটি বিবেচনায় নিয়েই বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছেন এবং পুলিশ বাহিনীও দায়িত্ব পালনে কাজ করছে।
তবে এখনো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এবং কোথাও কোথাও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ রয়েছে বলেও স্বীকার করেন তিনি। এসব ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তথ্য উপদেষ্টা।
অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে অপরাধের সংখ্যা কম বলেও দাবি করেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ৫ আগস্টের পর পুলিশ বাহিনীকে একটি কঠিন ও বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিতে হয়েছে। তাই বর্তমান পরিস্থিতি মূল্যায়নে ওই সময়ের বাস্তবতাও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
অন্তর্বর্তী সরকারের সময়কার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, তখন বিভিন্ন ক্ষেত্রে নৈরাজ্যের পরিস্থিতি দেখা গিয়েছিল। উদাহরণ হিসেবে তিনি কয়েকটি সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা, মাজার ভাঙচুর এবং বিভিন্ন স্থানে ফুটবল খেলা, নাটক ও মেলা বন্ধের ঘটনার কথা উল্লেখ করেন।
বর্তমান সরকারের সময়ও নৈরাজ্যের কিছু ঘটনা ঘটেছে বলে স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন, গত সময়ে দুই-তিনটি এমন ঘটনা ঘটেছে, যেগুলো হওয়া উচিত ছিল না। তবে তাঁর দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ের সঙ্গে তুলনা করলে বর্তমান পরিস্থিতির উন্নতি হয়েছে।
সংবাদ সম্মেলনে এলপিজি আমদানিকারক ও অপারেটরদের বরাত দিয়ে তথ্য উপদেষ্টা জানান, দেশে এলপিজি গ্যাসের কোনো সংকট নেই।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তির সহযোগিতা চুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে এই সহযোগিতা এগিয়ে নেওয়া হবে।
এ ছাড়া সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হলে অপতথ্যের বিস্তার অনেকটাই কমে আসবে বলে সরকার আশা করছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।



