tanaka
প্রচ্ছদজাতীয়জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে যান তারেক রহমান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি প্রথমে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ফাতেহা পাঠ এবং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিহউল্লাহসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী সরিয়ে নেওয়ার পর সমাধি প্রাঙ্গণে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ঢল নামে। বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’ এবং ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শেরেবাংলা নগর।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, কৃষক দল, মহিলা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এর আগে মঙ্গলবার ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।

এবার বিএনপি কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি রয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর রাজধানীতে কেন্দ্রীয়ভাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলের মহাসচিব রুহুল কবির রিজভী পৃথক বিবৃতিতে দলের নেতা-কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে নানা রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে দলটি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে।

এবার বিএনপি এমন এক সময়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, যখন দীর্ঘ বিরতির পর আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে দলটি। একই সঙ্গে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।