tanaka
প্রচ্ছদসারাদেশজাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে: খন্দকার মারুফ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে: খন্দকার মারুফ

ফেনী যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতু টোলপ্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি, মেঘনা উপজেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই প্রধানমন্ত্রীকে একনজর দেখতে টোলপ্লাজা এলাকায় জড়ো হতে থাকেন নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর দাউদকান্দি টোলপ্লাজায় পৌঁছালে কুমিল্লা-১ আসনের এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় প্রধানমন্ত্রী হাত নেড়ে সমবেত জনতাকে অভিবাদন জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় করবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে দেশের গণতান্ত্রিক অভিযাত্রা বিশ্বদরবারে তুলে ধরা হয়েছে। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন, তাতে জনগণ উচ্ছ্বসিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

খন্দকার মারুফ বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। তার ভাষ্য, দেশে শান্তি ও স্বস্তির পরিবেশ বিরাজ করছে।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতারা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য হুমকি-ধমকি দিচ্ছেন। জনগণকে সঙ্গে নিয়ে এসব রাজনৈতিক ও সহিংসতার অপচেষ্টা মোকাবিলা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের ‘ষড়যন্ত্র’ মোকাবিলায় বিএনপি নেতাকর্মীদের মাঠে থেকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এ সময় দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি, মেঘনা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।