চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্যানোরমা ট্যালেন্ট সেকশনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হোয়াট ইফ’ (What If) সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। সিনেমাটির নির্মাতা তানহা তাবাসসুম, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রোববার (১৮ জানুয়ারি) জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের সমাপনী অনুষ্ঠানে সেরা চলচ্চিত্রসহ অন্যান্য বিভাগে পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়। তানহা তাবাসসুম বলেন, “এটা আমার প্রথম সিনেমা। পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতের সময় যেসব সমস্যার মুখোমুখি হতে হয় এবং কীভাবে তা মোকাবিলা করা যায়—এই ভাবনা থেকে সিনেমাটির ধারণা এসেছে। এটি আমার কাছে একটি বড় অর্জন। যারা আমাকে সমর্থন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।”
ছবির গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করেছেন হাসান আল সাবিত, তাসনিম শুচি, কাব্য রাহা, আলভী আবীব ও সাইন আহমেদ পবন। চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন আরিফুর রহমান, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রুদ্র ব্যানার্জি। এছাড়া কালার গ্রেডিং করেছেন মুরসালিন, সাউন্ড মিক্সিং ও ডিজাইন এর দায়িত্বে ছিলেন সৈকত সিনহা, এবং ভোকাল আর্টিস্ট হিসেবে ছিলেন জান্নাতুল তোশা। এক্সিকিউটিভ প্রডিউসার ছিলেন আলভী আবীব, ক্রিয়েটিভ প্রডিউসার শাহ সাকিব সোবহান।
উল্লেখ্য, ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে গত ১০ জানুয়ারি শুরু হওয়া ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৮ জানুয়ারি শেষ হয়। এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই উৎসবে ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।



