লাইব্রেরিতে হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’, পরনে স্টাইলিশ টু-পিস স্যুট—এভাবেই নতুন লুকে ভক্তদের সামনে হাজির হয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি।
ছবিগুলোতে চকচকে ধূসর-বাদামি রঙের টু-পিস স্যুটে দেখা যায় অভিনেত্রীকে। তবে পোশাকের পাশাপাশি তার হাতে থাকা বই এবং ছবির পেছনের লাইব্রেরির পরিবেশও নজর কেড়েছে। বই হাতে নিয়ে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দেন অপু।
কখনো ‘গীতাঞ্জলি’র পাতায় মনোযোগ দিয়ে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে, আবার কখনো বইটি মুখ ও মাথার কাছে ধরে ছবি তুলেছেন। ছবির পটভূমিতে সারি সারি বই সাজানো থাকায় পুরো ফটোশুটেই ছিল বইঘেরা এক ভিন্ন আবহ।
ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনেও ছিল আলাদা বার্তা। অপু লিখেছেন, ‘ভবিষ্যত অনুমানের সবচেয়ে সেরা উপায় হলো ভবিষ্যতটা নিজেই তৈরি করে নেওয়া।’
অপুর এমন ছবি প্রকাশের পর ভক্ত-অনুসারীদের মধ্যেও দেখা গেছে নানা প্রতিক্রিয়া। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, কেউ আবার অভিনেত্রীকে নিজেদের শৈশবের স্মৃতির সঙ্গে মিলিয়ে দেখেছেন। এক অনুসারী লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে আপু আপনাকে।’ আরেকজনের মন্তব্য, ‘একসময় অপুর মুভি ছাড়া চলতোই না, অপু বিশ্বাস মানেই ছোটবেলা।’
লাইব্রেরির পরিবেশের সঙ্গে ভিন্ন ধরনের পোশাক মানাত—এমন মতও দিয়েছেন কেউ কেউ। এক অনুসারী পরামর্শ দিয়েছেন, সেখানে শাড়ি পরে ফটোশুট করলে আরও ভালো লাগত।
এদিকে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। সম্প্রতি নতুন একটি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটির নাম ‘শিকার’। ছবিটির বড় অংশের শুটিং কিছুদিন আগে নেপালে অনুষ্ঠিত হয়েছে।



