tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকজাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বনেতাদের সমাবেশ, আলোচনায় যুদ্ধ ও এআই

জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বনেতাদের সমাবেশ, আলোচনায় যুদ্ধ ও এআই

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হয়েছে নিউইয়র্কে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শুরু হওয়া এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী এবং জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। চলমান যুদ্ধ, আন্তর্জাতিক নিরাপত্তা, মানবিক সংকট এবং দ্রুত বিকাশমান কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি এবারের আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এবারের সাধারণ বিতর্কে প্রায় ১৩০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ২২ সেপ্টেম্বর শুরু হওয়া সাধারণ বিতর্ক ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং ২৮ সেপ্টেম্বর আবার অনুষ্ঠিত হবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য ঝুঁকি এবারের অধিবেশনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে। বিশ্বজুড়ে চলমান সংঘাতের পাশাপাশি এসব সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও জাতিসংঘের ভূমিকা নিয়েও আলোচনা হবে।

মঙ্গলবার সাধারণ পরিষদের মঞ্চে বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের বক্তব্য দেওয়ার সূচি রয়েছে।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যান্য ঊর্ধ্বতন সদস্যরাও উপস্থিত ছিলেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশনের মূল প্রতিপাদ্য—‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’। এবারের অধিবেশনে শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, উদীয়মান প্রযুক্তি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার শাসন এবং জাতিসংঘ সংস্কারকে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগও এবারের অধিবেশনে নতুন মাত্রা পেয়েছে। ২২ সেপ্টেম্বর ২০টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন এআইয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা এবং সম্ভাব্য একটি বৈশ্বিক তদারকি কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছে। তাদের প্রস্তাবে এআইয়ের বিকাশ আন্তর্জাতিক আইন মেনে এবং মানুষের নির্দেশনা, তদারকি ও নিয়ন্ত্রণের আওতায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এবারের সাধারণ পরিষদের অধিবেশন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন বহুপক্ষীয় আন্তর্জাতিক ব্যবস্থা নানা চ্যালেঞ্জের মুখোমুখি। বিভিন্ন আন্তর্জাতিক সংকটের পাশাপাশি জাতিসংঘের কার্যক্রম, অর্থায়ন ও সংস্কারের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা চলছে। ফলে বিশ্বনেতাদের বক্তব্যে যুদ্ধ ও সংঘাত নিরসনের আহ্বানের পাশাপাশি জাতিসংঘকে আরও কার্যকর করার বিষয়টিও গুরুত্ব পেতে পারে।

এ অধিবেশন জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের জন্যও গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের খলিলুর রহমান দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তাঁর অগ্রাধিকারের মধ্যে শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু ও পরিবেশ, মানবাধিকার, উদীয়মান প্রযুক্তির শাসন এবং জাতিসংঘ সংস্কারের বিষয় রয়েছে।

সব মিলিয়ে এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের আলোচনার কেন্দ্রে থাকছে যুদ্ধ ও সংঘাত, আন্তর্জাতিক নিরাপত্তা, মানবিক সংকট এবং প্রযুক্তির দ্রুত পরিবর্তন। এসব সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় কতটা ঐকমত্যে পৌঁছাতে পারে, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।