পশ্চিমবঙ্গের তিস্তা নদীতে প্রবল স্রোতে ভেসে যাওয়া একটি হাতিশাবককে প্রায় তিন কিলোমিটার পিছু নিয়ে উদ্ধার করেছেন দুই জেলে। পরে বন বিভাগের সহায়তায় শাবকটিকে তার মায়ের সঙ্গে পুনর্মিলিত করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দুই জেলের সাহসিকতার প্রশংসা করেন অনেকে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মালবাজার মহকুমার কাছে তিস্তা নদীর ১২ নম্বর স্পারের আশপাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়, নদীতে মাছ ধরার সময় দুই জেলে দেখতে পান, প্রবল স্রোতে একটি হাতিশাবক ভেসে যাচ্ছে। স্রোতের সঙ্গে লড়াই করে পানিতে টিকে থাকার চেষ্টা করছিল শাবকটি।
বিষয়টি দেখে দুই জেলে নিজেদের নিরাপত্তার কথা না ভেবে নৌকা ঘুরিয়ে শাবকটির দিকে এগিয়ে যান। প্রবল স্রোতের মধ্যেও প্রায় তিন কিলোমিটার নৌকা চালিয়ে তারা হাতিশাবকটির পিছু নেন। একপর্যায়ে শাবকটিকে নিরাপদে নৌকায় তুলে তীরে নিয়ে আসতে সক্ষম হন তারা।
পরে ঘটনাটি বন বিভাগকে জানানো হলে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শাবকটির দেখভাল শুরু করেন। এরপর বন বিভাগের উদ্যোগে হাতিশাবকটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
উদ্ধারের পর দুই জেলের সঙ্গে হাতিশাবকটির আবেগঘন মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে ব্যাপক আলোচনা হয় এবং শাবকটিকে উদ্ধারে জেলেদের সাহসী ভূমিকার প্রশংসা করেন নেটিজেনরা।
সূত্র: এনডিটিভি



