ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, জনগণের মৌলিক সমস্যা সমাধান ছাড়া উন্নয়নের বড় বড় দাবি অর্থহীন। তিনি বলেন, “পানির মতো একটি মৌলিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা যাবে না। এ ধরনের সংকট নিরসনে সবসময় পাশে থাকব।”
রোববার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর রূপনগর ইস্টার্ন হাউসিং জি ব্লক (ঢাকা ওয়াসা মডস জোন-৪) এলাকায় ১১ নম্বর পানির পাম্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আমিনুল হক আরও বলেন, রূপনগর ও আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে ভুগছিলেন। নতুন এই পাম্প চালুর মাধ্যমে সেই সংকট দূর হবে। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের রাজনীতির প্রধান লক্ষ্য। তরুণ প্রজন্মকে সুন্দর ভবিষ্যৎ দিতে হলে শুধু শিক্ষা ও খেলাধুলার সুযোগ নয়, সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশও নিশ্চিত করতে হবে। বিএনপি সবসময় মানুষের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী জানান, এ উদ্যোগের ফলে বহু পরিবারের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। তারা আমিনুল হককে এ জনকল্যাণমূলক পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সিটি ক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হক মঈন, ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপির সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন রাজু, পল্লবী দ্বিতীয় পর্ব বাড়ি মালিক সমিতির সভাপতি আমিনুল বাহারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



