tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকসৌদির আসিরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত এশীয় নাগরিক

সৌদির আসিরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত এশীয় নাগরিক

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও প্রজেক্টাইল ধ্বংস করার দাবি করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী। এসব ঘটনায় এক এশীয় প্রবাসী আহত হয়েছেন। পাশাপাশি একটি ভবনের নামাজের কক্ষ ও কয়েকটি বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর সৌদি গেজেটের।

সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আসিরের আহাদ রাফিদাহ গভর্নরেটের আকাশে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী। পরে ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করা হয়।

তবে ধ্বংস করার পর ক্ষেপণাস্ত্রটির কিছু ধ্বংসাবশেষ মাটিতে পড়ে যায়। এতে একজন এশীয় নাগরিক আহত হন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

সৌদি জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একটি ভবনের ভেতরে থাকা নামাজের কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ঘটনায় কয়েকটি বেসামরিক গাড়িও ক্ষতির মুখে পড়ে।

সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালকি জানান, একই দিনে হুতি মিলিশিয়া আসিরের খামিস মুশাইত লক্ষ্য করে আরও তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী সেগুলোও শনাক্ত করে আকাশেই ধ্বংস করে।

এ ছাড়া শুক্রবার হুতিদের ছোড়া আরও একটি শত্রু প্রজেক্টাইল নাজরান এলাকায় একটি স্কুলে আঘাত হানে। এতে স্কুলটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার পর সৌদি সিভিল ডিফেন্সের সংশ্লিষ্ট দলগুলো ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।