tanaka
প্রচ্ছদসারাদেশসার মজুতের অভিযোগে সেই জামায়াত নেতার সদস্যপদ বাতিল

সার মজুতের অভিযোগে সেই জামায়াত নেতার সদস্যপদ বাতিল

সার মজুতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হওয়ার পর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতের নায়েবে আমির (২) মো. মনিরুল ইসলামের রুকুনিয়াত (সদস্যপদ) বাতিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কামারখন্দ উপজেলা জামায়াতের আমির মো. ইউসুফ আলী।

দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় মনিরুল ইসলামের বাড়ি থেকে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কামারখন্দের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

উপজেলা জামায়াতের আমির ইউসুফ আলী বলেন, দলীয় আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয় সিদ্ধান্তে মনিরুল ইসলামের রুকুনিয়াত বাতিল করা হয়েছে।

তবে মনিরুল ইসলামের দাবি, তাকে ফাঁসানো হয়েছে। মোবাইল ফোনে তিনি সদস্যপদ বাতিলের বিষয়টি জানতে পেরেছেন। এ বিষয়ে দল থেকে তাকে এখনো কোনো লিখিত চিঠি দেওয়া হয়নি বলেও জানান তিনি।