আজ রোববার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজধানীর রমনা রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে দলটির যাত্রা শুরু করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও অন্যান্য কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। এর পর নানা রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করে ঘরোয়া জীবন থেকে রাজনীতিতে প্রবেশ করেন তার সহধর্মিণী খালেদা জিয়া। ১৯৮৩ সালের ১৩ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন। একই বছরের মার্চ মাসে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন এবং ১৯৮৪ সালের ১০ মে চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে মামলা, কারাবাস ও অসুস্থতার কারণে রাজনীতিতে সক্রিয় নন। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় যুক্তরাজ্যে যান তিনি এবং সেখান থেকেই বিএনপির কার্যক্রম পরিচালনা করছেন।
দলটির ইতিহাসে তিনবার ক্ষমতায় এসেছে বিএনপি। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারির পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রথমবার সরকার গঠন করে। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বার ক্ষমতায় এলেও মাত্র ৪৫ দিন পরই বিরোধী দলের আন্দোলনের মুখে পতন ঘটে। এরপর ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে চারদলীয় জোটের নেতৃত্বে শেষবারের মতো সরকার গঠন করে বিএনপি।
এরপর টানা ১৭ বছরেরও বেশি সময় ধরে বিএনপি ক্ষমতার বাইরে রয়েছে।



