জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ এবং বামপন্থি ‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেল অংশ নিয়েছে। পাশাপাশি একটি আংশিক প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়। ভোট শুরুর পরপরই ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত দুই প্যানেলই নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে।
ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। তার অভিযোগ, ক্যাম্পাসের ভেতরে ও বাইরে নানা বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। ভোটকেন্দ্রে প্যানেল পরিচিতি নিয়ে গিয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে, নারী শিক্ষার্থীদের কাছ থেকে টোকেন ছিনিয়ে নেওয়া ও হেনস্তার ঘটনাও ঘটছে। গেটের সামনেও বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে।
তিনি আরও বলেন, ভোটের শুরুতে পরিবেশ শান্ত থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে ছাত্রদলের কর্মীরা গেটের সামনে ভিড় করতে শুরু করেন। বিভিন্ন কেন্দ্রে প্যানেল পরিচিতি বই আকারে ভোটারদের মধ্যে বিতরণ করা হয়। এ বিষয়ে প্রশ্ন তুললে আমাদের প্রার্থী ও ভোটারদের ওপর হামলার চেষ্টা করা হয়। শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। দর্শন, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞানসহ বিভিন্ন কেন্দ্রে একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা শঙ্কিত।
রিয়াজুল ইসলাম আশঙ্কা প্রকাশ করে বলেন, ভোট গণনার সময়ও বড় ধরনের সহিংসতার ঝুঁকি রয়েছে। ক্যাম্পাসের আশপাশে বহিরাগত ক্যাডার জড়ো করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। নির্বাচন কমিশনে অভিযোগ জানালে কমিশন তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের জিএস প্রার্থী এ কে এম রাকিব অভিযোগ করে বলেন, একটি নির্দিষ্ট প্যানেলের টোকেন নম্বর দেখেই ভোট নেওয়া হচ্ছে। অন্য প্যানেলের টোকেন দেখালে দায়িত্বপ্রাপ্তদের আচরণ ভিন্ন হচ্ছে। তিনি বলেন, যদি টোকেন ব্যবহারের অনুমতি দেওয়া হয়, তাহলে তা সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। নির্বাচন কমিশনের কাছ থেকে এমন দ্বিচারিতা প্রত্যাশিত নয়।
এ কে এম রাকিব আরও বলেন, একটি নির্দিষ্ট প্যানেলের টোকেন ক্যাম্পাস ও কেন্দ্রে দেখা যাওয়ায় তারা নির্বাচন কমিশন ও প্রক্টরের সঙ্গে কথা বলেন। এরপর ব্যালটসংক্রান্ত বিষয়ে তাদের অনুমতি দেওয়া হয়।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, কেন্দ্রে ব্যালট নম্বর বা অন্য কোনো পরিচিতি নিয়ে যাওয়ার বিষয়ে কমিশন কোনো নির্দেশনা দেয়নি।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়। পরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ৬ জানুয়ারি নতুন তারিখে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রার দুই দশক পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। প্রায় ১৬ হাজার ৬৪৫ জন শিক্ষার্থীর ভোটে এক বছরের জন্য কেন্দ্রীয় সংসদের প্রতিনিধিরা নির্বাচিত হবেন।



