tanaka
প্রচ্ছদসারাদেশচট্টগ্রামে ক্রেনের ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

চট্টগ্রামে ক্রেনের ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

  1. চট্টগ্রামে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় নাফিসা নাওয়াল নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে নগরের ইপিজেড থানার নেভি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নাফিসা সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তাঁর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নগরীর হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে। তবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

    নিহত নাফিসা পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলী বাড়ির মামুন মিয়ার মেয়ে।

    হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

    পুলিশ জানায়, সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে একটি ক্রেনের সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত হন নাফিসা। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    দুর্ঘটনার পরপরই অভিযান চালিয়ে সংশ্লিষ্ট ক্রেনটি জব্দ করেছে ইপিজেড থানা পুলিশ।

    মামলা করেছে পরিবার

    ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, দুর্ঘটনার পর ক্রেনটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা মামুন মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছেন।

    পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে নাফিসার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।