বাংলাদেশি ব্যাটার লিটন দাসের জোরালো শট বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন পাকিস্তানের ফিল্ডার হুসাইন তালাত। ঘটনাটির পর মাঠেই দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাকে। পরে চোটের অবস্থা পর্যবেক্ষণের জন্য অ্যাম্বুলেন্সে করে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনার পরপরই বজ্রবৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে এই ঘটনা ঘটে।
দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে কাভার অঞ্চল থেকে বলটি চার হওয়া থেকে বাঁচাতে দৌড়ে যান পাকিস্তানি ফিল্ডার হুসাইন তালাত। তিনি বাউন্ডারি লাইনের কাছে গিয়ে বলটি ফ্লিক করে মাঠের ভেতরে পাঠানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত বলটি বাউন্ডারি অতিক্রম করে চার হয়ে যায়। বলটি ফেরানোর পর নিজেকে সামলাতে না পেরে কাঁধে গুরুতর আঘাত পান তিনি।
মূলত বাউন্ডারি লাইনের পাশে থাকা গ্যালারির দেয়ালে ধাক্কা লাগার পর মাটিতে পড়ে যান হুসাইন তালাত। এতে তার মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে। ম্যাচ রেফারি, ফিজিও এবং মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তিনি নিজে থেকে উঠতে পারছিলেন না। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।



