tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীরাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার পর হঠাৎ করেই ঢাকার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি ও দমকা হাওয়া দেখা যায়।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী বুধবার (১৮ মার্চ) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদেরা বলছেন, এই ঝড়বৃষ্টির মাত্রা খুব বেশি নাও হতে পারে এবং তা দীর্ঘ সময় স্থায়ী হওয়ার সম্ভাবনাও কম। দেশের সব এলাকায় একযোগে না হয়ে বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে এ ধরনের বৃষ্টি হতে পারে।

এমন সময়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস এসেছে, যখন মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সামনে। ঘরে ঘরে চলছে ঈদের প্রস্তুতি, অনেকেই শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত। আবার অনেকে ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি যাওয়ার অপেক্ষায় আছেন।

আবহাওয়াবিদদের মতে, প্রাক-মৌসুমি সময় হওয়ায় এ সময় স্বল্পস্থায়ী ঝড়বৃষ্টি হওয়া স্বাভাবিক। মূলত কালবৈশাখী মৌসুমে হঠাৎ কোনো এলাকায় মেঘের সৃষ্টি হলে এমন ঝড়বৃষ্টি দেখা যায়, যা সাধারণত দীর্ঘস্থায়ী হয় না।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, “ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী শুরু হয়েছে। বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে এ ধরনের ঝড়বৃষ্টি হতে পারে। এ সময়ের আবহাওয়ার বৈশিষ্ট্যই হলো স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে স্বল্পস্থায়ী ঝড়বৃষ্টি হওয়া।”

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (১৪ মার্চ) রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার (১৫ মার্চ) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

সোমবার, মঙ্গলবার ও বুধবারও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি বুধবারের পরের পাঁচ দিনেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এই সময়ে ঝড়বৃষ্টি হলে ঈদের কেনাকাটা থেকে শুরু করে মানুষের ঈদযাত্রাতেও কিছুটা বিঘ্ন ঘটতে পারে। আবার অতিরিক্ত গরমও ভোগান্তি বাড়াতে পারে। ঈদের আগে বা ঈদের দিন বৃষ্টি হলে খোলা মাঠে ঈদের জামাত আয়োজনেও সমস্যা দেখা দিতে পারে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৮৩ মিলিমিটার। এছাড়া নেত্রকোনায় ৪৭ মিলিমিটার, মৌলভীবাজারে ৩৬, দিনাজপুরে ১৮, বগুড়া ও নওগাঁয় ১২, পঞ্চগড়ে ১১, ফেনীতে ৯ এবং রংপুরে ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

অন্যদিকে তাপমাত্রাও বাড়ছে দেশের বিভিন্ন স্থানে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।