tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনগণধর্ষণের শিকার ছাত্রীর পাশে দাঁড়ানোয় গবিসাস কার্যালয় বন্ধের হুমকি

গণধর্ষণের শিকার ছাত্রীর পাশে দাঁড়ানোয় গবিসাস কার্যালয় বন্ধের হুমকি

গণধর্ষণের অভিযোগ তোলা এক ছাত্রীর পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) কার্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নেতাদের বিরুদ্ধে। গকসুর নেতারা নিজেদের প্রশাসনের অংশ দাবি করে গবিসাস বন্ধের নির্দেশ দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী স্পষ্ট জানিয়েছেন, এ ধরনের কার্যক্রম পরিচালনার কোনো এখতিয়ার গকসুর নেই।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে ক্যাম্পাসের একাডেমিক ভবনের নিচতলায় অবস্থিত গবিসাস কার্যালয়ে গিয়ে গকসুর ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান, জিএস রায়হান খানসহ সংগঠনের কয়েকজন নেতা কার্যালয় বন্ধের নির্দেশ দেন। এ সময় তারা কোনো লিখিত নির্দেশ দিতে রাজি হননি এবং এ বিষয়ে ভিডিও বক্তব্য দিতেও অস্বীকৃতি জানান।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও গবিসাসের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বেলা আড়াইটার দিকে গকসুর প্রায় ১৭–১৮ জন প্রতিনিধি ও আরও কয়েকজন শিক্ষার্থীসহ মোট ২৫–৩০ জন গবিসাস কার্যালয়ে আসেন। তখন সেখানে গবিসাসের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদকসহ চারজন সদস্য উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, কার্যালয়ে ঢুকে গকসুর জিএস রায়হান খান গবিসাসের সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ করে বলেন, “ভর্তি কমে যাওয়াসহ বিশ্ববিদ্যালয় সম্পর্কে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে গবিসাস। এসব কারণে অধিকাংশ শিক্ষার্থীর ম্যান্ডেটে আজ থেকে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বন্ধ ঘোষণা করা হলো।”

এরপর পাঁচ মিনিটের মধ্যে গবিসাস সদস্যদের কার্যালয় ত্যাগ করতে আলটিমেটাম দেওয়া হয় বলে অভিযোগ করেন উপস্থিত সদস্যরা। এ সময় তাদের সঙ্গে থাকা এক শিক্ষার্থী কার্যালয়ের একটি বৈদ্যুতিক বাতি ভাঙচুর করেন। এছাড়া আইন বিভাগের শিক্ষার্থী জুবায়ের গবিসাস সদস্যদের দিকে বই ছুড়ে মারেন বলেও অভিযোগ রয়েছে।

গবিসাসের সদস্যরা প্রশ্ন তুললে গকসুর নেতারা দাবি করেন, তারা প্রশাসনের অংশ হওয়ায় এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। তবে লিখিত নির্দেশ চাওয়া হলে তারা তা দিতে অস্বীকৃতি জানান। এ সময় কয়েকজন গকসু নেতা গবিসাসের সাধারণ সম্পাদককে শারীরিকভাবে আক্রমণের চেষ্টাও করেন বলে অভিযোগ ওঠে।

পরিস্থিতি উত্তপ্ত হলে গবিসাসের সদস্যরা গকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলতে চান। তখন গকসু ভিপি নিজেই উপাচার্যকে ফোন করেন। উপাচার্য আবুল হোসেন সবাইকে সেদিনের মতো সরে যেতে বলেন এবং পরবর্তীতে বিষয়টি দেখবেন বলে জানান। পরে প্রক্টর এসে রোববার (৭ মার্চ) বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দেন।

ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর বিকেল ৪টার দিকে গকসুর প্রতিনিধিরা গবিসাস কার্যালয় ত্যাগ করেন।

ধর্ষণকাণ্ডকে ঘিরে উত্তেজনা

সম্প্রতি গণ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গণধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন গকসুর ভিপি মৃদুল দেওয়ানের চাচাতো ভাই অন্তু দেওয়ান বলে জানা গেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী গত সপ্তাহে আশুলিয়া থানা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করেন, গকসু ভিপি মৃদুল দেওয়ান ও তার সহযোগীরা তাকে নিয়মিত হয়রানি করছেন।

সোমবার (২ মার্চ) ওই ছাত্রী গবিসাস কার্যালয়ে সংবাদ সম্মেলন করতে এলে ভিপির স্ত্রী পরিচয় দেওয়া এক নারীসহ কয়েকজন তাকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। সেদিন গবিসাস কার্যালয়েও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে গকসু ভিপি এসে দুঃখপ্রকাশ করেন।

এরপর থেকেই গবিসাস কার্যালয়ে আবার হামলার আশঙ্কা তৈরি হয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা।

গকসুর বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ

২০১৮ সালে সবশেষ গকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘ সাত বছর নির্বাচন হয়নি। এ সময় গকসু নির্বাচনের দাবিতে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করে গবিসাস। অবশেষে ২০২৫ সালের সেপ্টেম্বরে গকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনের পর গকসুর জিএস রায়হান খান ও এজিএস সামিউল হাসানকে একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা নিজেদের প্যানেলের সদস্য হিসেবে উল্লেখ করে পোস্ট দেন। পরবর্তীতে এই দুই নেতাকে ওই সংগঠনের বিভিন্ন কর্মসূচিতেও দেখা যায়। এসব বিষয়ে সংবাদ প্রকাশ করলে গবিসাসের ওপর ক্ষোভ প্রকাশ করেন তারা।

এছাড়া সম্প্রতি ভিপি মৃদুল দেওয়ান বিএনপির শীর্ষ নেতার সঙ্গে দেখা করে ছাত্রদলে যোগ দেওয়ার খবরও প্রকাশ করে গবিসাস। এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর থেকেই গবিসাস সদস্যরা গকসুর ভিপি, জিএস ও এজিএসের রোষানলে পড়েন বলে অভিযোগ রয়েছে।

গকসুর গঠনতন্ত্রের ১৭.১ (খ) ধারায় বলা হয়েছে, কোনো সদস্য রাজনৈতিক সংগঠনে যোগ দিলে তার সদস্যপদ বাতিল হবে। এছাড়া ১১ নম্বর ধারায় উল্লেখ আছে, দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত কোনো শিক্ষার্থী গকসুর নির্বাহী কমিটির পদে নির্বাচনের অযোগ্য। গঠনতন্ত্রের ১ নম্বর ধারায় গকসুকে একটি অরাজনৈতিক ছাত্র সংসদ হিসেবে উল্লেখ করা হয়েছে।

‘এ ধরনের কাজের এখতিয়ার নেই’

গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “এ ধরনের কোনো কার্যক্রম পরিচালনার এখতিয়ার গকসুর নেই।”

অন্যদিকে উপাচার্য আবুল হোসেন বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন, তবে ক্যাম্পাসে না থাকায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি।

গবিসাসের সাধারণ সম্পাদক তাহমিদ হাসান বলেন, “সাংবাদিক সমিতি বন্ধের চেষ্টা গণমাধ্যমের ওপর আঘাত। বিচারহীনতার সংস্কৃতির কারণেই ক্যাম্পাসে এমন অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। যারা ভাঙচুর ও হুমকির সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানাই।”