আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। বিশেষ করে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য এবং প্রথমবারের মতো দায়িত্ব পাওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদীয় কার্যক্রম, বিল ও বাজেট প্রক্রিয়া, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে দুই দিনের এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা এই কর্মশালায় অংশ নিয়ে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রীতি-নীতি এবং মন্ত্রণালয় পরিচালনায় কৌশলগত ভূমিকা সম্পর্কে দিকনির্দেশনা দেবেন।
শুক্র ও শনিবার (৬-৭ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালার উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশনকে সামনে রেখেই নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এ নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, নতুন অনেক সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সংসদের কার্যক্রম সম্পর্কে তাদের বিস্তারিত ধারণা থাকা প্রয়োজন। সংসদে কোথায় বসবেন, কীভাবে বক্তব্য দেবেন, কোন বিষয়ে কথা বলবেন—এসবের পাশাপাশি রুলস অব প্রোসিডিউর ও সংবিধান সম্পর্কেও তাদের ধারণা দেওয়া হবে।
তিনি আরও জানান, শুক্রবার দুটি এবং শনিবার দুটি সেশনে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। এতে সংসদ সদস্যদের পাশাপাশি মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও অংশ নেবেন, বিশেষ করে নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।
দলীয় সূত্র জানায়, বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়ন, নীতিমালার কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তদারকিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হতে পারে। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার কৌশল নিয়েও আলোচনা হবে।



