ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে পলাতক আসামিদের অবৈধভাবে দেশত্যাগ এবং অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। সীমান্ত নজরদারিতে নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসি ক্যামেরা ও থার্মাল ড্রোন ব্যবহার করছে বাহিনীটি।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তের ২০২১ নম্বর পিলারসংলগ্ন এলাকায় বিজিবির টহল কার্যক্রম পরিদর্শন করেন ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ। এ সময় সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় কুমিল্লা সেক্টরের উদ্যোগে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এর অংশ হিসেবে সেক্টরের চারটি ব্যাটালিয়নের অধীনে থাকা ৩২৭ কিলোমিটার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
তিনি বলেন, কোনো মামলার পলাতক আসামি যাতে সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে দেশত্যাগ কিংবা দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে মাদক পাচার ও অন্যান্য চোরাচালান বন্ধে প্রতিটি সীমান্ত ফাঁড়িকে (বিওপি) সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
বিজিবি অধিনায়ক আরও জানান, ডিসেম্বরকে সামনে রেখে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। সেক্টরের আওতাধীন ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত পয়েন্টগুলো চিহ্নিত করে সেখানে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পুশইন এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
চলতি বছরের নভেম্বর পর্যন্ত বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল, আটটি ম্যাগাজিন এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে জানান তিনি। এসব জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪১০ কোটি ৩৭ লাখ টাকা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৫৫ জনকে আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সীমান্ত এলাকায় অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক চলাচল চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য দেওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক।



