tanaka
প্রচ্ছদসারাদেশখাল খননের মাধ্যমে মানুষের ভাগ্য বদলাবে: বিমানমন্ত্রী

খাল খননের মাধ্যমে মানুষের ভাগ্য বদলাবে: বিমানমন্ত্রী

দেশের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে সরকার দেশব্যাপী খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

তিনি বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে খাল খননের উদ্যোগ নিয়েছেন। এ কর্মসূচি বাস্তবায়িত হলে কৃষি, মৎস্য ও পরিবেশ—সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুকনগর এলাকায় তালুক হাপানিয়া-উলাইল খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

বিমানমন্ত্রী বলেন, এক সময় দেশের গ্রামাঞ্চলে অসংখ্য খাল-বিল ছিল, যা কৃষি ও প্রাকৃতিক পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু সময়ের ব্যবধানে অনেক খাল ভরাট হয়ে গেছে বা নাব্যতা হারিয়েছে। এর ফলে কৃষিজমিতে সেচ সংকট দেখা দিয়েছে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা বাড়ছে। এসব সমস্যা সমাধানে সরকার পরিকল্পিতভাবে খাল পুনঃখনন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, খাল পুনঃখননের মাধ্যমে কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন, বর্ষার পানি দ্রুত নিষ্কাশন হবে এবং জলাবদ্ধতা কমবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, মৎস্য চাষের সুযোগ তৈরি হবে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আসবে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি অঞ্চলের উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষিসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে।

উদ্বোধন শেষে বিমানমন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে খাল খননের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এ সময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, জেলা প্রশাসক নাজমুন নাহার সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সারওয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন, মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেনকান্ত পণ্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।