tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতি২ বছরের মধ্যে জনগণের আয় দ্বিগুণ করতে চায় বিএনপি সরকার: প্রধানমন্ত্রী

২ বছরের মধ্যে জনগণের আয় দ্বিগুণ করতে চায় বিএনপি সরকার: প্রধানমন্ত্রী

আগামী দুই বছরের মধ্যে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণ পাশে থাকলে যেকোনো পরিকল্পনাই বাস্তবায়ন করা সম্ভব। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোই বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, আমরা যারা বিএনপি করি, আমাদের লক্ষ্য এমন কাজ করা—যার মাধ্যমে মানুষের উপকার হবে এবং তারা উপকৃত হবে। সেই লক্ষ্য নিয়েই আজ আমরা এখানে একত্রিত হয়েছি। আনুষ্ঠানিকভাবে সাহাপাড়া খাল খনন কাজের উদ্বোধন করা হলো।

প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন প্রকল্পের সম্ভাব্য সুফলের কথাও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পের কাজ সম্পন্ন হলে প্রায় ৩১ হাজার কৃষক সেচের পানি পাবেন। প্রায় ১২০০ হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আসবে। এছাড়া প্রায় সাড়ে তিন লাখ মানুষ বিভিন্নভাবে এই খালের পানি ব্যবহার করতে পারবেন। এর ফলে বর্তমানের তুলনায় প্রায় ৬০ হাজার মেট্রিক টন বেশি ফসল উৎপাদন সম্ভব হবে।

খাল খননের প্রয়োজনীয়তা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের অধিকাংশ খালই এখন ভরাট হয়ে গেছে। এখানে আসার পথে বিভিন্ন এলাকায় দেখেছি অনেক নদী ও খাল ভরাট হয়ে গেছে, এমনকি কোথাও কোথাও নদীর ভেতরেও চাষাবাদ হচ্ছে। ছোট ছোট কালভার্ট ও সেতু পার হওয়ার সময় দেখা গেছে অনেক খাল প্রায় মৃতপ্রায় অবস্থায় রয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বর্ষা মৌসুমেও অনেক সময় খরার মতো পরিস্থিতি তৈরি হয় এবং পানি পাওয়া যায় না। তাই বর্ষার পানি সংরক্ষণ করে তা কাজে লাগাতে আমরা এই উদ্যোগ নিয়েছি।

বিএনপির রাজনীতি মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা আজ মাসে ৫ হাজার টাকা আয় করেন, তাদের আয় আগামী দুই-চার বছরের মধ্যে ১০ হাজার টাকায় উন্নীত করতে চাই। যারা ২ হাজার টাকা আয় করেন, তাদের আয়ও দ্বিগুণ করার মতো পদক্ষেপ নেওয়াই আমাদের লক্ষ্য। এটাই শহীদ জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি, এটাই খালেদা জিয়ার রাজনীতি এবং এটাই জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের রাজনীতি।