tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনখালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া

বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। সাধারণ মানুষজনের পাশাপাশি শোবিজ অঙ্গনের সেলেবরাও শোক প্রকাশ করেছেন।

নগরবাউল জেমস তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীর শোক অনুভব করছি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি খালেদা জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রার্থনা করেন, মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের উচু মাকামে স্থান দিন—আমিন। এছাড়া জেমস শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সংবেদনাও প্রকাশ করেছেন।

বেগম খালেদা জিয়া ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন এবং ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ জগতের তারকারা গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বেগম জিয়ার ছবি শেয়ার করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারা।

ঢালিউড মেগাস্টার শাকিব খান তার ফেসবুক পেজে লিখেছেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি। তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিরবিদায় যেন মহাকালের সাক্ষী হয়ে রইলো। একজন মহিয়সী নারীর প্রস্থান যুগে যুগে বাংলাদেশের মানুষের হৃদয়ে লেখা থাকবে। বিনম্র শ্রদ্ধা।”

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে শবনম বুবলী লিখেছেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার বিদেহী আত্মা চিরশান্তিতে থাকুক। আমিন।”

অন্যদিকে, নুসরাত ফারিয়া তার পোস্টে লিখেছেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।”

অভিনেত্রী আজমেরী হক বাঁধন গভীর শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তার নেতৃত্ব ও জনসেবা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অমর হয়ে থাকবে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাকে জান্নাত দান করুন।”

নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ তার শোকবার্তায় লিখেছেন, “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়ার বিদায় আমাদের জন্য এক বড় শোক। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।”

নির্মাতা রেদওয়ান রনি তার বার্তায় বলেছেন, “খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায় শেষ হলো। তার আদর্শ ও নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে প্রভাবিত করেছে।”

আশফাক নিপুন বলেন, “আপনি ছিলেন ধৈর্য, আভিজাত্য এবং হার না মানার এক অনন্য প্রতীক; এমনকি প্রতিপক্ষের অমানবিক আচরণের মুখেও আপনি দমে যাননি। আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন।”

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা লিখেছেন, “খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের শক্তি, ধৈর্য ও নেতৃত্বের প্রতীক। প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন এবং নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও কখনো দেশ ছাড়েননি। তার অবদান কখনো ভুলে যাওয়া সম্ভব নয়।”

সংগীতশিল্পী কনক চাপা বলেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের নেত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া চলে গেছেন। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন।”

এছাড়া, আশনা হাবিব ভাবনা, সিয়াম আহমেদ, পূজা চেরি, আরশ খান, রুকাইয়া জাহান চমকসহ আরও অনেক শোবিজ তারকা খালেদা জিয়ার ছবি শেয়ার করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।