বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক শোকবার্তা প্রকাশ করে। বার্তায় বলা হয়, “খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
এদিকে, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে ফেসবুকে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণজনিত শ্বাসকষ্টের কারণে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে, এবং নিউমোনিয়া, কিডনি ও লিভার সমস্যাসহ পুরোনো আর্থ্রাইটিস এবং ডায়াবেটিসের সমস্যাও তীব্র হয়ে ওঠে। এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।



