সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান গভীর শোক প্রকাশ করেছেন।
পাকিস্তান:
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, “খালেদা জিয়ার নেতৃত্ব এবং ত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তাঁর আত্মার শান্তি কামনা করছি।”
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও একই সঙ্গে শোক প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন, খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিতপ্রাণ বন্ধু ছিলেন এবং পাকিস্তান সরকার ও জনগণ শোকের এ মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে আছে।
ভারত:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন। তিনি বলেছেন, তাঁর পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা রইল। মোদি উল্লেখ করেছেন, বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার অবদান দেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে স্মরণীয়। ২০১৫ সালে ঢাকায় তাঁর সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করেছেন মোদি।
চীন:
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ এবং চীনের দীর্ঘদিনের বন্ধু ছিলেন। তাঁর সময়ে চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রগতি বিশেষভাবে মূল্যায়ন করা হয়।
যুক্তরাষ্ট্র:
ঢাকার মার্কিন দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যম পেজে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, তিনি বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর নেতৃত্ব বিশেষ অবদান রেখেছে।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



