ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক দফা পল্টি খেয়ে পানিভর্তি খাদে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর।
রোববার (২ আগস্ট) বিকেলে ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল ‘দশমনিয়া পরিবহন’-এর একটি বাস। পথে বৃষ্টির কারণে চালক বাসের নিয়ন্ত্রণ হারালে সেটি কয়েক দফা পল্টি খেয়ে সড়কের পাশের পানিভর্তি খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্য এবং হাইওয়ে পুলিশের যৌথ অভিযানে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আহতদের উদ্ধার করা হয়। পরে তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই হাসান বলেন, “বৃষ্টির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক দফা পল্টি খেয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করি। দুর্ঘটনাকবলিত বাসটি তুলতে কিছুটা সময় লাগবে। উদ্ধার শেষে ধারণা করা হচ্ছে, বাসের নিচে আর কোনো যাত্রী আটকা নেই।”
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, কয়েক দফা পল্টি খেলেও পানিভর্তি খাদে গিয়ে বাসটি সোজা অবস্থায় থেমে যায়। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে ২০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন।



