কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ড কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো-কে সমালোচনা করে তাকে ‘ফিদেল কাস্ত্রোর বংশধর’ বলেও মন্তব্য করেছেন।
গত ২২ এপ্রিল ‘The Megyn Kelly Show’-এ অংশ নিয়ে পপ তারকা কেটি পেরি-র সঙ্গে ট্রুডোর কথিত সম্পর্ক নিয়ে কথা বলেন ব্র্যান্ড। একই সঙ্গে তিনি তাদের ভেঙে যাওয়া দাম্পত্য সম্পর্ক নিয়েও খোলামেলা মন্তব্য করেন।
ব্র্যান্ড বলেন, পেরি ‘যেকোনো সময় হুঁশে ফিরতে পারেন’—এমন মন্তব্য করে এই গুঞ্জনের দিকে নজর রাখতে বলেন তিনি। ট্রুডোর রাজনৈতিক আচরণের নানা দিক নিয়েও প্রশ্ন তোলেন ব্র্যান্ড। এমনকি এক ঘটনায় ট্রুডো কানাডার পার্লামেন্টে একজন বিতর্কিত ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।
তবে পেরির সাবেক সঙ্গী অরল্যান্ডো ব্লুম সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন ব্র্যান্ড; তাকে ‘দারুণ’ বলে উল্লেখ করেন।
২০১০ সালের অক্টোবরে রাসেল ব্র্যান্ড ও কেটি পেরি বিয়ে করেন। তবে এক বছরের কিছু বেশি সময় পর তাদের বিচ্ছেদ ঘটে এবং ২০১১ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স প্রক্রিয়া শুরু হয়।
সম্পর্ক ভাঙার দায় নিজের কাঁধেই নেন ব্র্যান্ড। তিনি বলেন, দ্রুত বিয়ের সিদ্ধান্ত নেওয়াটা তার ভুল ছিল এবং নিজের অনিরাপত্তাবোধ থেকেই তিনি সেই সিদ্ধান্ত নিয়েছিলেন। তার মতে, এই ধরনের প্রত্যাশা সম্পর্কের ওপর বাড়তি চাপ তৈরি করেছিল।
তিনি আরও বলেন, পেরির ক্যারিয়ার যখন দ্রুত এগোচ্ছিল, তখন তিনি নিজেকে একা অনুভব করতেন। তার ভাষায়, সে সময় তিনি ‘খুবই একা’ ছিলেন।
বর্তমান গুঞ্জন নিয়ে সমালোচনা করলেও কেটি পেরি সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন ব্র্যান্ড। তিনি তাকে ‘অত্যন্ত মায়াবী’, ‘খুব সুন্দর একজন মানুষ’ এবং ‘অবিশ্বাস্য রকম পরিশ্রমী’ বলে বর্ণনা করেন।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন



