দীর্ঘদিন ধরে বসবাসরত ভূমিহীন পরিবারগুলোকে স্বল্প নোটিশে উচ্ছেদের চেষ্টাকে ‘অন্যায় ও চক্রান্তমূলক’ বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি জানিয়েছেন, ৪০ থেকে ৪৫ বছর ধরে বসবাসরত দরিদ্র পরিবারগুলোকে জেলা প্রশাসকের মাধ্যমে খাসজমি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় নগরীর পদ্মা আবাসিক এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নওদাপাড়া এলাকার পাবনাপাড়া মহল্লার অর্পিত সম্পত্তি নিয়ে চলমান বিরোধ প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
অর্পিত সম্পত্তি ঘিরে উচ্ছেদ প্রচেষ্টায় ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, কাউকে উচ্ছেদ করতে হলে অন্তত ছয় থেকে সাত দিন সময় দেওয়া উচিত। হঠাৎ করে ঘরবাড়ি ভেঙে দেওয়া মানবিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, অতীতে দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তার ব্যর্থতার কারণেই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
সাবেক সরকারের সময় স্থানীয় কিছু ভূমিদস্যুর দৌরাত্ম্যের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, অতীতে লিটন, শাহু ও সাচ্চুর মতো ব্যক্তিরা জনগণের সম্পদ দখলের চেষ্টা করেছে।
মন্ত্রী স্পষ্ট করে বলেন, ৭০ বছর আগের মালিকানার দাবি দেখিয়ে অর্পিত সম্পত্তি দখলের কোনো সুযোগ নেই। ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনি প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় আইনজীবীদের সমন্বয়ে একটি প্যানেল গঠনের পরামর্শ দেন তিনি। পাশাপাশি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানান।
খাসজমি বণ্টন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন খাসজমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বিতরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে প্রতিটি পরিবারকে এক থেকে দুই কাঠা জমি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি হস্তক্ষেপ না করে স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দেন তিনি।
এর আগে একই দিন সকাল ১০টায় ভূমিমন্ত্রীর বাসভবনের সামনে ক্ষতিগ্রস্তরা অবস্থান কর্মসূচি পালন করেন এবং তিন দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন। পরে মন্ত্রী নিজে উপস্থিত হয়ে তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।



