চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২১ এপ্রিল। পরীক্ষা ঘিরে প্রতি বছরের মতো এবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রশ্ন ফাঁস’ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে টিকটকে ছড়িয়ে পড়া কিছু পোস্ট শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
সম্প্রতি ‘Porishrom SSC School’ নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে এসএসসির ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্র দাবি করে চার পৃষ্ঠার একটি ছবি প্রকাশ করা হয়। ছবিতে ‘এসএসসি ২০২৬ ইংরেজি ১ম পত্র’ লেখা থাকায় অনেকেই এটিকে আসল প্রশ্ন ভেবে বিভ্রান্ত হন। শুক্রবার (১০ এপ্রিল) সকাল পর্যন্ত পোস্টটি ৩৪ লাখেরও বেশি বার দেখা হয়েছে।
তবে যাচাই করে ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমর স্ক্যানার জানিয়েছে, এটি কোনো বোর্ড পরীক্ষার প্রশ্ন নয়। বরং ‘উদ্ভাস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার’ নামের একটি কোচিং সেন্টারের ফাইনাল মডেল টেস্টের প্রশ্নপত্র।
শুধু একটি পোস্ট নয়, একই অ্যাকাউন্ট থেকে আরও কয়েকটি ভিডিও ও পোস্টে ‘প্রশ্ন ফাঁস’ দাবি করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এসব পোস্টে গণিত ও ইংরেজি বিষয়ের প্রশ্ন দেখানো হলেও যাচাইয়ে দেখা গেছে, সেগুলোর বেশিরভাগই বিভিন্ন স্কুলের আগের বছরের টেস্ট পরীক্ষা বা মডেল টেস্ট থেকে নেওয়া।
এদিকে প্রশ্ন ফাঁস প্রতিরোধে চলতি বছর সরকার কঠোর অবস্থান নিয়েছে। মুদ্রণ থেকে শুরু করে বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্নপত্র রাখা হচ্ছে বিশেষ ফয়েল প্যাক ও সুরক্ষিত খামে, যা একবার খোলার পর পুনরায় ব্যবহার করা যায় না। পরীক্ষা শুরুর ১৫–২০ মিনিট আগে নির্ধারিত কর্মকর্তাদের উপস্থিতিতে এসব খাম খোলা হবে।
পরীক্ষাকে নকলমুক্ত রাখা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে কঠোর নিয়মের প্রতিবাদে পঞ্চগড়ে একদল শিক্ষার্থী মানববন্ধন করে তার পদত্যাগ দাবি করেছে।
এমন পরিস্থিতিতে আলোচিত টিকটক অ্যাকাউন্টটি নিয়ে নজরদারি বাড়িয়েছে সংশ্লিষ্টরা এবং বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।



