tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনএসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড আবেদন, ১৩ লাখ খাতা নিয়ে শঙ্কা

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড আবেদন, ১৩ লাখ খাতা নিয়ে শঙ্কা

এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য এবার রেকর্ডসংখ্যক আবেদন পড়েছে। একাধিক বিষয়ে আবেদন করায় প্রায় ১৩ লাখ উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য জমা পড়েছে। অল্প সময়ে বিপুলসংখ্যক খাতা যাচাই করা নিয়ে এরই মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এবার এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন ৪ লাখ ২ হাজার ৫১ জন শিক্ষার্থী। তাদের অনেকেই একাধিক বিষয়ে আবেদন করায় পুনর্নিরীক্ষণের জন্য জমা পড়েছে মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র।

এত বিপুলসংখ্যক খাতা অল্প সময়ে পুনর্নিরীক্ষণ করা নিয়ে প্রশ্ন উঠেছে। এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এত বিপুলসংখ্যক উত্তরপত্র স্বল্প সময়ে পুনর্নিরীক্ষণ করা প্রায় অসম্ভব। এ বিষয়ে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।

তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা প্রত্যেক শিক্ষার্থীর খাতা যাচাই করা হবে। কোনো শিক্ষার্থীর ফল পরিবর্তিত হলে কলেজে ভর্তির আবেদনের জন্য তাকে নতুন করে সময় দেওয়া হবে বলেও জানান তিনি।

শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, স্বল্প সময়ে এত বিপুলসংখ্যক উত্তরপত্র সুষ্ঠুভাবে পুনর্নিরীক্ষণ করা বড় ধরনের চ্যালেঞ্জ। তবে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় সরকারের এ উদ্যোগ ইতিবাচক।