tanaka
প্রচ্ছদটপ নিউজঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন, সদস্যসচিব এস এম...

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন, সদস্যসচিব এস এম জাহাঙ্গীর

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান (মিল্টন)। আর সদস্যসচিব করা হয়েছে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে।

রোববার রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।

আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণার এক মাসেরও বেশি সময় পর নতুন নেতৃত্ব পেল বিএনপির গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক শাখা।

নতুন আহ্বায়ক শফিকুল ইসলাম খান (মিল্টন) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিবের দায়িত্ব পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

অন্যদিকে, নতুন সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন ছিলেন সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর পর থেকেই নতুন নেতৃত্ব নির্ধারণের অপেক্ষায় ছিল সংগঠনটির এই গুরুত্বপূর্ণ শাখা।