tanaka
প্রচ্ছদরাজধানীইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে মো. শফিকুল ইসলাম (৪৩) নামে একজন পল্লবী থানার এএসআই বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন মো. ওয়াসিম (২৪)।

দক্ষিণখান থানার এসআই বখতিয়ার হোসেন জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওয়াসিমকে আটক করে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুল ইসলামকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

দক্ষিণখান থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা শাহিনুর রহমান জানান, এ ঘটনায় সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুইজন ছাড়াও অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দক্ষিণখান ও আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, এএসআই মো. শফিকুল ইসলাম ওই থানায় অনিয়মিত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পল্লবী থানার ওসি হাসান বাসির বলেন, শফিকুল গত মাসে থানায় যোগ দেন। যোগদানের পর তিনি সর্বোচ্চ ৮ থেকে ১০ দিন অফিস করেছেন। তার অনিয়মিত উপস্থিতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদনও দেওয়া হয়েছিল।