ভারতে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়া আন্দোলনে বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থান অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রগতিশীল ছাত্র সংগঠন ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (আইসা)-এর সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। তাঁর মতে, নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনরত ভারতের তরুণেরা বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন থেকে শিক্ষা নিয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা বলেন নেহা বোরা। সংগঠনটির ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে পাঠানো ওই বার্তায় তিনি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতি সংহতি প্রকাশ করেন।
ভিডিও বার্তায় নেহা বোরা বলেন, ভারতজুড়ে বর্তমানে জেন-জি বা তরুণ প্রজন্মের মধ্যে যে আন্দোলন চলছে, তার সূচনা মূলত বাংলাদেশকে দেখে। ভারতের তরুণ সমাজের প্রতি সমর্থন অব্যাহত রাখা এবং আন্দোলনের পথ দেখানোর জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।
নেহা বোরা বলেন, বাংলাদেশে শুরু হওয়া আন্দোলন ছিল গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই। ভারতে বর্তমানে চলমান বিক্ষোভের লক্ষ্যও একই রকম।
তিনি আরও বলেন, বাংলাদেশের আন্দোলন থেকে তাঁরা অনুপ্রেরণা পেয়েছেন এবং অনেক কিছু শিখেছেন। বাংলাদেশের ছাত্রসমাজ ও আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, আশা করেন, বাংলাদেশের তরুণদের সঙ্গে একযোগে কাজ করে তাঁরা একটি আরও সুন্দর ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তুলতে পারবেন।



