ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে দেশের প্রতিটি ব্যক্তি ও পরিবারকে সপ্তাহে অন্তত দুই দিন ৩০ মিনিট থেকে এক ঘণ্টা সময় দিয়ে ঘরবাড়ি, আশপাশের এলাকা ও চলাচলের পথ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ কমিয়ে বহু মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, প্রতিদিনই সংবাদপত্রে বিভিন্ন বয়সী মানুষের ডেঙ্গুতে আক্রান্ত হওয়া ও মৃত্যুর খবর প্রকাশিত হচ্ছে। যারা ডেঙ্গুতে স্বজন হারিয়েছেন, তারাই এই বেদনার গভীরতা সবচেয়ে ভালোভাবে উপলব্ধি করতে পারেন। সবাই সম্মিলিতভাবে উদ্যোগী হলে এ ধরনের প্রাণহানি ও বহু পরিবারের স্বজন হারানোর কষ্ট কমানো সম্ভব।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করেছে, ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলন সফল করেছে এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সম্মিলিত প্রচেষ্টায় এত বড় অর্জন সম্ভব হলে দেশের অন্যান্য সমস্যার সমাধানেও সবাই একসঙ্গে কাজ করতে পারে।
দেশে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশে প্রায় আড়াই কোটি শিক্ষার্থী রয়েছে। এর বাইরে বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইড, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যসংখ্যা প্রায় ৪০ লাখ। এসব সংগঠনের সদস্যরা গত প্রায় এক মাস ধরে প্রতি শনিবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আবর্জনা ও ময়লা পরিষ্কারের উদ্যোগ নিয়ে কাজ করছেন।
ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, ঘরের আনাচকানাচ, রাস্তাঘাট ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা পানি এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করে। এ ছাড়া পানি জমতে পারে—এমন ময়লা-আবর্জনা ও পরিত্যক্ত সামগ্রীও মশার প্রজননস্থলে পরিণত হতে পারে। এসব জায়গা নিয়মিত পরিষ্কার রাখা গেলে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর অগ্রগতি অর্জন সম্ভব।
ডেঙ্গুর টিকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, টিকা আবিষ্কৃত হলেও বিভিন্ন পরীক্ষায় এর কার্যকারিতা নিয়ে সীমাবদ্ধতা দেখা গেছে। এ পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবিলার অন্যতম কার্যকর উপায় হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেক ব্যক্তি ও পরিবার যেন সপ্তাহে অন্তত দুই দিন ৩০ মিনিট থেকে এক ঘণ্টা সময় বের করে নিজেদের ঘরবাড়ি, আশপাশের এলাকা এবং নিয়মিত চলাচলের পথ পরিষ্কার করেন। বিশেষ করে যেসব স্থানে পানি জমে মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান চিহ্নিত করে পরিষ্কার রাখতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার তখনই সফল হয়, যখন দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে পারে। তাঁর সরকার জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন জাতীয় সমস্যা সমাধান করতে চায়। ডেঙ্গু প্রতিরোধেও সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে ডেঙ্গুর প্রকোপ কমানো এবং অসংখ্য মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হবে।
ভিডিও বার্তার শেষে দেশবাসীর সুস্থতা ও মঙ্গল কামনা করেন প্রধানমন্ত্রী।



