tanaka
প্রচ্ছদসারাদেশপাঁচবারের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী আব্দুল হাই আর নেই

পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী আব্দুল হাই আর নেই

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল হাই আর নেই। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক নেতা মো. কামরুজ্জামান রতন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় আব্দুল হাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

শোকবার্তায় কামরুজ্জামান রতন বলেন, মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল হাইয়ের প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত।

তিনি উল্লেখ করেন, ঢাকা-৮ ও মুন্সীগঞ্জ-৪ আসন থেকে পাঁচবার নির্বাচিত এই সংসদ সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং জাতীয় সংসদের প্যানেল স্পিকার হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘদিন মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতৃত্ব দেওয়া আব্দুল হাইয়ের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করে কামরুজ্জামান রতন বলেন, অঞ্চলের রাজনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় তিনি আরও বলেন, দল-মতনির্বিশেষে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত এই গণমানুষের নেতার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কামরুজ্জামান রতন দোয়া করেন, মহান আল্লাহ যেন তাঁর সব নেক আমল কবুল করেন, জীবনের ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুর খবরে মুন্সীগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।