পবিত্র আশুরা উপলক্ষে আগামী ২৬ জুন রাজধানীর বিভিন্ন এলাকায় অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মিছিল চলাকালে অস্ত্রসদৃশ বস্তু বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ মহররম ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, কিছু অংশগ্রহণকারী মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ও লাঠিসহ বিভিন্ন অস্ত্রসদৃশ বস্তু নিয়ে অংশ নেন, যা কখনও কখনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ভীতির পরিবেশ তৈরি হওয়ার পাশাপাশি জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে।
এছাড়া মহররম উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানোর প্রবণতার কথাও উল্লেখ করে ডিএমপি জানায়, এসব কার্যক্রম ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
জনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী তাজিয়া মিছিল চলাকালে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ সব ধরনের অস্ত্রসদৃশ বস্তু বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, তাজিয়া মিছিল শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।



