tanaka
প্রচ্ছদসারাদেশআদালত চত্বর থেকে ব্যবসায়ী অপহরণ: কামালের ২ দিনের রিমান্ড, পলাতক কনটেন্ট ক্রিয়েটর

আদালত চত্বর থেকে ব্যবসায়ী অপহরণ: কামালের ২ দিনের রিমান্ড, পলাতক কনটেন্ট ক্রিয়েটর

নরসিংদী আদালত চত্বর থেকে এক ব্যবসায়ীকে অপহরণ, মারধর এবং মুক্তিপণ আদায়ের মামলায় কামাল সরকার নামে এক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলার অন্যতম অভিযুক্ত ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মাসুদ রানা বাবুল এখনো গ্রেফতার হননি।

রোববার দুপুরে নরসিংদী অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামাল সরকারের রিমান্ডের এ আদেশ দেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মাধবদী এলাকায় অভিযান চালিয়ে কামাল সরকারকে গ্রেফতার করা হয়। ৪৯ বছর বয়সী কামাল হাজিপুর চকপাড়া এলাকার সামাদ সরকারের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতিক জানান, গ্রেফতারের পর কামালকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে মামলার তদন্তের স্বার্থে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত থেকে বের হওয়ার পর অপহরণের অভিযোগ

মামলার তথ্য অনুযায়ী, গত ৮ জুলাই দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিল গোবিন্দপুর এলাকার সালাম তালুকদারের ছেলে ব্যবসায়ী লিখন তালুকদার (৩৫) একটি চেকসংক্রান্ত মামলায় হাজিরা দিতে নরসিংদী আদালতে যান।

হাজিরা শেষে আদালত চত্বর থেকে বের হওয়ার পর মাসুদ রানা বাবুল, কামাল সরকারসহ কয়েকজন তাকে জোর করে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। সেখানে একটি কক্ষে আটকে রেখে তাকে মারধর করা হয়।

অভিযোগে আরও বলা হয়, পরে লিখনের স্ত্রীকে ফোনে রেখে তার ওপর নির্যাতন চালানো হয় এবং মুক্তির বিনিময়ে এক লাখ ১৮ হাজার টাকা আদায় করা হয়।

ঘটনার পর লিখন তালুকদার নরসিংদী মডেল থানায় মামলা করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে সাতজনকে আসামি করা হয়েছে।

আরও দুইজন গ্রেফতার

এর আগে এই মামলায় নরসিংদীর বিলাসদী এলাকার মিজানুর রহমানের ছেলে ইনসান মিয়া (৪০) এবং ছাদু মিয়ার ছেলে শরিফ মিয়া (৩৮) গ্রেফতার হন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তবে মামলার অন্যতম অভিযুক্ত মাসুদ রানা বাবুল এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।