tanaka
প্রচ্ছদসারাদেশহোটেল নুরজাহানে যাতায়াতের সিসিটিভি ফুটেজ ঘিরে তাজমীনের মৃত্যুতে রহস্য

হোটেল নুরজাহানে যাতায়াতের সিসিটিভি ফুটেজ ঘিরে তাজমীনের মৃত্যুতে রহস্য

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুত তাজমীনের মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে। মৃত্যুর আগে পদুয়ার বাজার বিশ্বরোডের হোটেল নুরজাহানে তাঁর প্রবেশ ও বের হওয়ার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর শেষ মুহূর্তের গতিবিধি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

বুধবার (৭ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে কক্সবাজার থেকে আসা ‘আইকনিক এক্সপ্রেস’ বাস থেকে নেমে তাজমীন হোটেল নুরজাহানে প্রবেশ করেন বলে জানা গেছে। পরে রাত সোয়া ১২টার দিকে তাঁকে হোটেল থেকে বের হয়ে পশ্চিম পাশের সিএনজি স্ট্যান্ডের দিকে যেতে দেখা যায়।

হোটেল থেকে বের হওয়ার পর তিনি কোথায় গিয়েছিলেন, কারও সঙ্গে দেখা করেছিলেন কি না কিংবা ছিনতাইকারী চক্রের কবলে পড়েছিলেন কি না—এসব বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একই সঙ্গে কীভাবে তিনি লালমাইয়ের জগতপুর এলাকায় পৌঁছালেন, সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে।

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) লালমাই থানার জগতপুর গ্রামের একটি ধানখেতের পাশ থেকে তাজমীনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। ওই গাড়িটির সঙ্গে কিশোরীর মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সিসিটিভি ফুটেজ ঘিরে তদন্ত জোরদার

হোটেল নুরজাহানে তাজমীনের যাতায়াতের দৃশ্য সামনে আসার পর কুমিল্লাজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। তাঁর শেষ যাত্রাপথ, হোটেল ছাড়ার পরের অবস্থান এবং মরদেহ উদ্ধারের স্থানসংলগ্ন পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশের একাধিক দল। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করাই তদন্তের লক্ষ্য।

এদিকে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা আব্দুল কাইয়ুম। তাঁর অভিযোগ, রাতে কিছু সিএনজিচালিত অটোরিকশাচালক ও ছিনতাইকারী চক্রের যোগসাজশে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে অপরাধীদের তৎপরতাও বাড়ে বলে দাবি করেন তিনি।

কাইয়ুম বলেন, যাত্রী সেজে অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা জরুরি। পাশাপাশি নির্ধারিত স্ট্যান্ডের বাইরে সড়কে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

অটোরিকশাচালক আটক

সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানিয়েছেন, জান্নাতুত তাজমীন হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে শুক্রবার সুমন নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালককে আটক করা হয়েছে।

এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।