tanaka
প্রচ্ছদসারাদেশকুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, এক রাতেই আটক ২৫২

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, এক রাতেই আটক ২৫২

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা দমন এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ধারাবাহিক সাঁড়াশি অভিযানে এক রাতেই ২৫২ জনকে আটক করা হয়েছে। জেলার ১৮টি থানা এলাকায় জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

শনিবার (৯ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে মধ্যরাত পর্যন্ত। কিশোর গ্যাংয়ের আনাগোনা বেশি—এমন স্থান, উঠতি বয়সী তরুণদের আড্ডাস্থল এবং বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় একযোগে তল্লাশি চালানো হয়। আটক ব্যক্তিরা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লাকে কিশোর গ্যাং ও অপরাধমুক্ত করতে বেশ কিছুদিন ধরেই বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর আগে গত বুধবার, শনিবার, রোববার, মঙ্গলবার, শুক্রবার এবং সোমবার (৫ অক্টোবর) রাতে জেলার ১৮টি থানায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মোট ২ হাজার ৪৭ জনকে আটক করা হয়েছিল।

পরে প্রাথমিক যাচাই-বাছাই শেষে অপরাধে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় ১ হাজার ৪০৯ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে মাদক ব্যবসা, নিয়মিত মামলার আসামি হওয়া, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত হওয়া, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত থাকার অভিযোগসহ বিভিন্ন কারণে ৬৩৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ ২৫২ জনসহ গত নয় দিনে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় সাত দফার বিশেষ অভিযানে মোট ২ হাজার ২৯৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযানের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, ধারাবাহিক ও কঠোর অভিযানের ফলে জেলায় কিশোর গ্যাংয়ের উৎপাত ও অপতৎপরতা অনেকটাই কমেছে। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

তিনি আরও জানান, উঠতি বয়সী তরুণেরা যাতে অপরাধের পথে না জড়ায়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। কিশোর গ্যাং ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।