রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার (১ জুন)। এ উপলক্ষে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে আদালতে হাজির করা হয়েছে।
সকাল পৌনে ৮টার দিকে প্রিজনভ্যানে করে সোহেল রানাকে আদালতে আনা হয়। আসামিদের উপস্থিতিতে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠান।
গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর ওই ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রামিসাকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন সোহেল রানা।
অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রীর বিরুদ্ধে অপরাধের আলামত নষ্ট ও প্রমাণ ধ্বংসে সহযোগিতার অভিযোগ উল্লেখ করা হয়েছে। মামলায় রামিসার বাবা, প্রতিবেশীসহ মোট ১৮ জনকে সাক্ষী করা হয়েছে।



