tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদজাতীয়ঈদযাত্রায় সড়কে ছয় দিনে প্রাণ গেল ৩৭ জনের

ঈদযাত্রায় সড়কে ছয় দিনে প্রাণ গেল ৩৭ জনের

পবিত্র ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে দেশজুড়ে সড়ক-মহাসড়কে যানবাহনের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে দুর্ঘটনাও। গত মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত ছয় দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জন নিহত এবং প্রায় ৯০ জন আহত হয়েছেন।

সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর মধ্যে রয়েছে গোপালগঞ্জে একই পরিবারের তিন সদস্যসহ পাঁচজনের মৃত্যু, নেত্রকোনায় পাঁচজনের প্রাণহানি, ফরিদপুরের মধুখালীতে চারজন এবং ময়মনসিংহে বাবা-ছেলেসহ দুইজনের মৃত্যু।

ঈদের দিন গোপালগঞ্জের বেদগ্রামে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে একই পরিবারের তিন সদস্য ছিলেন। এ ঘটনায় আহত হন আরও ১১ জন।

নেত্রকোনায় পৃথক দুই দুর্ঘটনায় তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চল্লিশা বাইপাস এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। অন্যদিকে কলমাকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান দুই যুবক।

ফরিদপুরের মধুখালীতে ঈদের দিন পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়। এছাড়া একই উপজেলায় পৃথক আরও দুই দুর্ঘটনায় প্রাণ হারান এক বৃদ্ধ ও এক নারী।

ময়মনসিংহ-শেরপুর সড়কের আলালপুর এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা ও তার আড়াই বছরের ছেলে নিহত হন।

এ ছাড়া নরসিংদী, পটুয়াখালী, চট্টগ্রাম, সাতক্ষীরা, দিনাজপুর, নাটোর, নড়াইল, জামালপুর, চাঁদপুর, গাইবান্ধা, পাবনা, কক্সবাজার, টাঙ্গাইল, কুষ্টিয়া ও কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় বাস, মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটেছে।

দুর্ঘটনাগুলোর অধিকাংশই ঘটেছে বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং, মোটরসাইকেলের ঝুঁকিপূর্ণ চলাচল এবং চালকদের অসতর্কতার কারণে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ঈদযাত্রা ঘিরে সড়কে মৃত্যুর এই দীর্ঘ তালিকা আবারও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে।