অষ্টম দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে অংশ নিতে ভারত সফরে রয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক। এনএসআই সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতি বছর নিয়মিত আয়োজিত এ সম্মেলন দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি বহুপক্ষীয় আন্তর্জাতিক ফোরাম। এবারের সম্মেলনে বাংলাদেশ ও ভারত ছাড়াও শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মিয়ানমার, ব্রুনাই, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সম্মেলনের মূল লক্ষ্য অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সন্ত্রাসবাদ দমন, মাদক ও মানবপাচার প্রতিরোধ এবং পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, এটি কোনো একক দ্বিপক্ষীয় বৈঠক নয়; বরং বিভিন্ন দেশের অংশগ্রহণে আয়োজিত একটি বহুপক্ষীয় আঞ্চলিক সম্মেলন।
এদিকে, এনএসআই সূত্রের দাবি, মহাপরিচালকের এই সফরের প্রকৃতি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদনে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচারের চেষ্টা করা হচ্ছে।



