বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। এ ঘটনায় ২২ বছর বয়সী প্রকৌশল ডিপ্লোমাধারী প্রাঞ্জল থাকরালকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। তদন্তকারীদের দাবি, হামলার পরিকল্পনা বাস্তবায়ন, অস্ত্র সরবরাহ এবং বন্দুকধারীদের অর্থ জোগানোর দায়িত্বে ছিলেন তিনি। শুক্রবার ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হলো।
পুলিশের তদন্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অবস্থানরত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য অনিল পণ্ডিতের নির্দেশে হামলার পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখেন প্রাঞ্জল। হামলায় অংশ নেওয়া এক বন্দুকধারীকে দ্বিতীয় একটি পিস্তল সরবরাহ করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
পুলিশের দাবি, অনিল পণ্ডিত বিদেশে অবস্থান করেই হামলার পরিকল্পনা করেন। আর সেই পরিকল্পনা বাস্তবায়ন, প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ এবং হামলাকারীদের অর্থায়নের দায়িত্ব ছিল প্রাঞ্জলের ওপর।
গোপন অ্যাপে যোগাযোগ, তদন্তে নতুন সূত্র
তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, পুলিশের নজরদারি এড়াতে অনিল পণ্ডিত ও প্রাঞ্জল একটি গোপন বার্তা আদান-প্রদানের অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রাখতেন। প্রাঞ্জলের ফোন থেকে উদ্ধার করা কথোপকথন ও আর্থিক লেনদেনের তথ্য বিশ্লেষণ করছেন তদন্তকারীরা। এসব তথ্যের মাধ্যমে অনিল পণ্ডিতের আন্তর্জাতিক যোগাযোগের নেটওয়ার্ক সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে আশা করছে পুলিশ।
বিদেশে আত্মগোপনে থাকা মামলার প্রধান অভিযুক্ত অনিল পণ্ডিতের কাছে পৌঁছাতে প্রাঞ্জলকে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে দেখছেন মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা।
রোববার প্রাঞ্জলকে কিল্লা আদালতের অবকাশকালীন বেঞ্চে হাজির করা হয়। পরে আদালত তাঁকে ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
কে এই প্রাঞ্জল থাকরাল?
২২ বছর বয়সী প্রাঞ্জল প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রিধারী। চলতি বছরের মার্চে জামিনে মুক্তি পাওয়ার আগে তিনি কারাগারে ছিলেন। অভিযোগ রয়েছে, অনিল পণ্ডিতের নির্দেশে ভারতের পানিপথে এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় তিনি জড়িত ছিলেন।
জামিনে মুক্তির পরপরই মুম্বাইয়ের জুহুতে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পরিকল্পনা বাস্তবায়নে অনিল পণ্ডিতের সঙ্গে কাজ শুরু করেন প্রাঞ্জল বলে দাবি পুলিশের।
যেভাবে হামলার শিকার হন টাইগার শ্রফ
গত ১৮ অক্টোবর সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় ফুটবল খেলা শেষে পুষ্পা নারসি পার্ক বা পুষ্পা নারসি গ্রাউন্ড থেকে বের হওয়ার সময় ৩৬ বছর বয়সী অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অন্তত দুই ব্যক্তি গুলি চালান।
মুম্বাই পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আন্ধেরিতে মোটরসাইকেলটি ফেলে রেখে তাঁরা সুরাটে যান। সেখান থেকে পুনে-জয়পুর এক্সপ্রেসে ওঠেন তাঁরা। দিল্লি হয়ে নেপালে পালানোর চেষ্টার সময় রাজস্থানের কোটায় তিন সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য অনিল পণ্ডিত হামলার দায় স্বীকার করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশের সূত্রের দাবি, গ্যাংটি প্রথমে অন্য এক প্রভাবশালী ব্যক্তিকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করেছিল। তবে কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে পরে পরিকল্পনা পরিবর্তন করে টাইগার শ্রফকে লক্ষ্যবস্তু করা হয়।
প্রাঞ্জল থাকরালকে গ্রেপ্তারের পর হামলার পরিকল্পনা, অস্ত্র সরবরাহ ও অর্থায়নের বিষয়ে নতুন তথ্য পাওয়ার আশা করছেন তদন্তকারীরা। একই সঙ্গে বিদেশে অবস্থানরত অনিল পণ্ডিতের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত করাও তদন্তের গুরুত্বপূর্ণ লক্ষ্য।
সূত্র: এনডিটিভি



